খুঁজে ফেরা
প্রিয়তম কবির জন্মদিনে দুচার পংক্তি শ্রদ্ধা ফুল
প্রিয়তম কবির জন্মদিনে দুচার পংক্তি শ্রদ্ধা ফুল
কোনো লাশকাটা ঘরে রাতের আঁধার মেখে
ঢুকে যেতে পারিনি এখনো। যদিও পাশে
সন্তান শুয়ে থাকে, স্বপ্নরা শুয়ে থাকে নক্ষত্রের মত।
সফেদ জোছনা দুধের মত ঝরে পড়ে ধূসর পাণ্ডুলিপির
আনাচে কানাচে, জলঙ্গিতে পা ভিজিয়ে গুনে গুনে
ঘুঙুর বাজাই তালে, বেতালে।
বাংলাতে ঠিক নয়, তবু পাশাপাশি বাংলার জন্মেছি
কোনো এক শ্রাবণী ভোরে।
এ শহরে ট্রাম নেই, নেই কোনো ট্রাম দুর্ঘটনা।
তবু , মন মৃত্যু খোঁজে ফেরে হিজলে, অশ্বথে।
আরো কত কিছু খুঁজে ফিরি তোমার লিখার আখরে,
পাখির নীড়ের মত চোখ জুড়ে জমে থাকে হেমন্তের কুয়াশা, গ্রামে গ্রামে নবান্নের আয়োজনে বাকি থেকে যায় কিছু পাখিদের, হাঁসের নিমন্ত্রণ।
আবার বুড়ি চাঁদ উঠে, আবার মগজে খেলে মৃত্যুর নকশা, ক্রমে ক্রমে ঘোলা হয় জীবন, বেনোজলে
ভেসে যায় জীবনের সমস্ত জমানো ভাঁড়ার।