অক্ষরের পতাকা উড়ে
এক একটা দিন যায়,
চোরা কুঠুরির তলদেশে হতাস বেনোজলে ।
পত্রপাঠ ভুলে যাই ----
অনুভূতির অমর্ত্য প্রদেশ জুড়ে
মর্তের অবাক জলপান ।
এক একটা দিন আসে ,
দাসত্বের বোঝা কাঁধে , ভিক্ষুকের অনন্ত রক্তপাতে
অস্তিত্বের আমরণ যন্ত্রনায় , চৈতন্যের গলা টিপে ।
এক একটা রাত আসে ,
বিস্মরণের পাড় ছুঁয়ে
প্রজন্মের এক ঝাঁক উজ্জ্বল বন্ধুর মত
পাথর ছুঁড়ে ছুঁড়ে , ----- কিশোরী নদীর বুকে
জ্যোস্নার অবাক মরণ দেখব ব'লে ।
এক একটা রাত যায় ,
দুঃসাহসী দুনিয়ার বুকে , অমৃতের ভান্ড লুটাবে ব'লে
আহত জন্তুর চিৎকার শোনা যায় ।
এক একটা দিন এক একটা রাত
পরম আদরে ------ জীবনকে হত্যা করে
জীবনের ভেতর থেকে তুলে আনে এক প্রবল হত্যাকারী ,
যে-কিনা আপন বুক লক্ষ্য করে
শব্দভেদী বাণে তুলে আনে সহজ বর্ণমালা ।
পরম প্রশান্ত পাঠে
হিমদগ্ধ শৈলশিলা ভাঙতে থাকে ,
আর পতনের আতুর ঘর থেকে
জলপ্রপাতের গম্ভীর শব্দে
চোখ মেলে ------
আত্মদানের দুয়ারে দাঁড়িয়ে
আত্মহননের পাঁজর খুলে
দিনরাত্রির বৃষ্টিতে ভেজা
মানুষের আমন্ত্রন অভ্যর্থনা করে ।
এক-একটা দিন
এক-একটা রাত ----
তোমার আমার বুকে
নিষাদের রক্তমালায়
অক্ষরের পতাকা উড়ে........