নাগরিক
তোমার জন্মের পর
গোটা বরাক উপত্যকা জুড়ে
উৎসব করেছিলেন তোমার পিতামহ,
তোমার স্নিগ্ধ কপালে এঁকে দিয়েছিলেন
মাজুলিমাটির আর্দ্রটীকা।
তোমার কৈশোরে তুমি
তুমুল সাঁতরেছো ব্রহ্মপুত্রের জলে,
তোমার শরীর-ধোয়া সেই জল
আকাশে উঠে গিয়ে পরে
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়েছে
আসমুদ্রহিমাচল বিস্তৃত এক ভূ-খণ্ড ---
যাকে তুমি স্ব-দেশ বলে জানতে।
তাকে দিলে তুমি ৭০টা বছর, ঘাম, অশ্রু, রক্তজল।
অথচ 'দেশ' বলতে যারা শুধু একখণ্ড মানচিত্র বোঝে,
'নাগরিক' বলতে কিছু কাগুজে তথ্য
তাদের কাছে তুমি কেউ নও, দেশ কিছু নয়।
দেশকে তুমি জননী বলে জেনেছিলে,
আর এই মহাজনি লুঠতরাজের দিনে
তোমার অভাগিনী মা তোমাকে
এক টুকরো দড়ি ছাড়া
আর কী-ই বা দিতে পারে!