বসন্ত, তুমি এসো হে
বসন্ত, তুমি এসো হে,
আকাশ-বাতাস হরষিত,
দিক দিগন্ত গাহে অনন্ত গীত
তব আহবানে ;
কোকিলের কুহুতানে,
পাখীদের কলতানে,
প্রকৃতি মুখর হল তোমার বরণ গানে ।
নানা বর্ণে, নানা গন্ধে আপ্লুত
অধীর সমীরণ,
কুসুমরাজি প্রস্ফুটিত,
বসুমতী সুরভিত,
পুষ্প সৌরভে গাহে অনুখন
হৃদি মনোহরণ বসন্তেরই গান,
বসন্তোৎসবে রাঙাবে বিশ্বপ্রকৃতি,
তনু-মন, প্রাণ ।
শৈত্য প্রবাহ ক্ষণ,
অন্তর দুয়ার দেশে প্রতীক্ষা মগন,
হবে কখন শ্রুত বিদায় সম্ভাষণ ?
উন্মুক্ত করে দ্বারখানি,
হিমেল শীতেরে শোনাও বিদায় বাণী ;
বরণ ডালা নিয়ে হাতে
সুললিত নৃত্য গীতে
কর নব আনন্দে আগমন ;
বরমাল্য করো তার ই কন্ঠে পরিহিত,
ঋতুরাজ বসন্তের অধিষ্ঠানে,
মহার্ঘ্য সজ্জায় করো সজ্জিত
সুবর্ণ সিংহাসন ।