Feb 21, 2022

অপাংশু দেবনাথ

বাংলা আমার ধুলো বালির কান্না

বাংলাভাষা বুকে আমার ধুলো বালির কান্না,
দুহাত ভরে জড়াই বুকে যেন হিরে পান্না।

কখনো সে মায়ের আঁচল স্বপ্ন নদীর ঢেউ,
কেমন করে কাঁদছে সে আজ দেখেছো কি কেউ?

নরম ঘাসে সূর্য আমার মাথায় জাগা ছায়া,
মহানগর ভুলছে দেখো মাতৃভাষার মায়া।

মুখে কেবল হিন্দি আসে ইংরেজিও খুব
অশুদ্ধ সব বাংলা লিখা থাকছি সবাই চুপ।

বাংলা তবু বেঙ্গলি নয় স্বপ্নে আমার আশা
বুকে শুধু গুনগুনিয়ে বাজে মাতৃভাষা।

কখনো সে ভিড়ের মাঝে ক্লান্ত কলরব, 
সকল মুখে তোমায় খুঁজি প্রাপ্তি আমার সব।