আমার আমি
ভাঙ্গনের বুকে ঘর বেঁধেছিলে
ঘোর তমসাতেও তোমার মন কাঁপেনি
আলেয়ার আলো তোমায় প্রলুব্ধ করেছিল।
প্রচণ্ড দাবদাহের মাঝেও
আমি অবিচল' থেকেছি,
মরু তৃষ্ণা'র কাছে একগণ্ডুস জল
কিছুই নয়।
পরোয়া করিনি এসব।
কতকাল কেটে গেল তারপর
বিষাদের সুরও বেজে ছিল মনে
ওতেও কাটেনি দাগ।
মনে হয়েছিল আমি যেন
অবরুদ্ধ নগরীতে বন্দী এক
পরাজিত সম্রাট!
কোন বাঁধন আমায় বাঁধতে পারেনি
আমি যেন এক মুক্ত বিহঙ্গ।
নীল আকাশটা যেন আমার
নয়া এক খেলাঘর!
কোন সীমাবদ্ধতা তাতে নাই,
ঘুরে ফিরে চলি মনের তাগিদে
যেন বন্ধনহীন এক যাযাবর!