Feb 18, 2022

রূপশ্রী চক্রবর্তী

স্বপ্নে দেখা ভূত

ভয় বিহ্বল মন আমার
এক ভয়ানক বাংলা,
দমকা হাওয়ায় নিভল দীপ 
আমি একেলা।
ছিল ঘরে ঝাড়লন্টন 
সেও নিভে গেলো ,
মনের কোনে দ্বিগুন বেগে 
আঁধার নেমে এলো।
চারদিকে ঠুং  ঠাং 
কিম্ভুত শব্দ ,
লক লক  ঠক ঠক 
ভূত ভূ --ত গন্ধ।
সাহস যেটুকু ছিল 
হাওয়া হয়ে গেল ,
কোথা থেকে এতো ভয় 
প্রাণেতে পশিল।
নিঝুম রাত  শুনশান 
নিস্তব্ধ চারপাশ ,
কেবল বুকের মাঝে 
ধড়াস ধড়াস।
হঠাৎ দেখি জানালা দিয়ে 
লম্বা দুটি হাত ,
চোখ বুজে থাকি শুয়ে
ভয়ে কুপোকাত।
তারপর সেই হাত দুটি
ধরলো চেপে গলা ,
ভয়ে আমি করবো কী 
হলেম দিশেহারা ।
         
কি যে করি এবার আমি 
কিছুই জানিনা ,
নিদ্রাহীন দুটি চোখ 
অবিরত কান্না।
সূর্যিমামা দাও হানা 
আর প্রাণে সয় না ,
ভোরের আলো দেখার আশে 
রাত কাটে না 
মেঘে ঢাকা গগনখানি 
চমকিত বিদ্যুৎ ,
চাঁদের দেখা নেই 
হানা দেয় ভূত ।
হঠাৎ মায়ের গলা শুনি 
আমার নামটি ধরে ,
স্কুলে যাবি ওঠ সোনা 
দেরি করিস কিরে !
চমকে ওঠে দেখি আমি 
বাবার কাছে শুয়ে ,
স্বপ্নে দেখা ভয় যত 
উবে গেলো নিমেষে ।
সবকিছু  ঠিকঠাক 
সেই আগেকার ,
স্বপ্নে দেখা  ভূতটি হলো 
কেবল মনের বিকার ।