Feb 21, 2022

সমরেন্দ্র বিশ্বাস

বর্ণমালা - স্কুল বালকের 

রাস্তা দিয়ে  কতকাল হেঁটে যাচ্ছে
মানুষের কথা , ক্লান্ত বর্ণমালা –
ওদের দিকে হাত বাড়িয়ে 
আমি এক স্কুল বালক 
শব্দমালার সাথে হ্যান্ডশেক করবো ,
রাস্তায় সেই তো কবে থেকে দাঁড়িয়ে 
পিঠে স্কুলের ভারী ব্যাগ ।
সময় বেশী নেই
অন্ধ স্কুলে বেজে চলেছে সতর্ক ঘন্টা !
  

ভাবনার মতো  থমথমে আকাশটা নীল ;
বর্ণমালাদের সারাদিন ঘোরাফেরা
আকাশের নীলে, ময়দানে, বাজারে, রেল স্টেশনে ।
পৃথিবী থেকে তুলে নেয়া কিছু গদ্যপদ্য
ভাষার সাথে মিশিয়ে
সকলের সাথে ভাগ করে নেবো ,
বর্ণমালাদের সাবেকি পোষাক ছিঁড়েখুঁড়ে 
ভেবেছি আমাদের কাহিনী বানাবো ।

তীব্র সব বর্ণমালা ছুটেছে আকাশে
যেন কেশর ফোলানো সাদা সাদা ঘোড়া,
ওদের মিলেছে ডানা, অশ্বক্ষুরে অর্বুদ স্ফুলিঙ্গ !
এইসব উড়ন্ত আগুনকে সবার অজান্তে
স্কুল ব্যাগে ভরে রাখি আমি ।

একুশে ফেব্রুয়ারী ঘটে গেছে কবে ,
নীল আকাশের নীচে তবু তীব্র আগ্রাসন !
স্কুলে স্কুলে আমাদের প্রিয় ভাষা 
নীল-ডাউন হয়ে আছে ।
ভাষা তুমি কি জানো না -
আমরা আজও ততো ভাল নেই ?

আমাদের বর্ণমালা হেঁটে যাক 
তীব্রতর সুন্দরের দিকে ।
শব্দদের শ্লোগানে
রেখে যাবো আজানু কুর্নিশ ,
ভাষাদের মার্চপাস্টে ভালোবাসা ,
রেখে যাবো ক্লান্ত এক বালকের বিনম্র স্যালুট !