জ্যান্ত পাথর
আসলে আমি কোন মানুষ না...
আমি একটা অবয়ব মাত্র,
একটা অনুভুতি,একটা বোধ,অথবা ঝরা পাতার মতো একেবারে অর্থহীন কিছু!
আমি নিজের জন্য হাসি না কাঁদি না,খুশিতে মেতে উঠি না,বিরহে কাতর হয়ে যাই না,
মৃত্যুতে বিষন্নতার আঁধারে ডুবে যাই না
আসলে আমি বলতে কিছু আছে বলে বুঝতেই পারি না আমি!!
দিনান্তে সূর্য যখন মুঠো মুঠো আবির ছড়িয়ে দেয় আকাশে বাতাসে...
আমি অর্থহীন অনুভূতি হীন ভাবে তাকিয়ে থাকি শুধু,
কষ্টের তীব্র শৈত্যপ্রবাহে আমি আকুল জড়িয়ে ধরি না ভালোবাসার ওম,
বিরহের আকণ্ঠ বন্যাধারায় ডুবে যেতে যেতে আঁকড়ে ধরতে চাই না বাঁচার খরকুটো,
আমি যে কি চাই,ঠিক জানি না,
কি পেলেই বা আনন্দে ভরে যাব তাও জানি না!
আমি তোমাদের আনন্দ উচ্ছ্বাসের হাওয়ায় বর্ষশেষের ঝরা পাতার মতো একটু লাফিয়ে উঠি,
পথপাশের ক্ষুদ্র ঘাসফুলেদের বাঁচার প্রচণ্ড তাগাদা দেখে একটা নড়েচড়ে বসি প্রাণের তাগিদে,
আবার নদীকে পাথরের প্রচণ্ড ধাক্কায় লাফিয়ে উঠে আবার সামনের দিকে প্রাণস্পন্দন নিয়ে এগিয়ে যেতে দেখে... আমার বুকের বাঁদিকটা হঠাৎ নেচে উঠে খবর দেয় বুঝি আমি জীবিত প্রাণী!
আমি আসলে জানি না আমি কি!