মর্মর ধ্বনি
ঐ শুনি মর্মর ধ্বনি বসন্ত বাতাসে,
ঝরা পাতা ঝরঝর ঝর মলিন হাসে,
কোকিল কণ্ঠে ক্ষণে ক্ষণে ক্ষণে কুহুতান,
ঝরা পাতার স্মৃতি বিজড়িত বিদায় গান।
উদাসী মন ধায় ঐ নীল দিগন্তে,
হেথায় হোথায় বিদায় বাণী চিরন্তনী অজান্তে,
জীবন রেখার নিত্য সুখ দুখের কাহিনী,
ধরাতলে অমর হয়ে লেখা রবে জানি।
বনে বনে ফাগুনে ঐ বসন্ত বাতাসে,
স্মৃতি হয়ে বারবার ফিরে ফিরে আসে,
পলাশ শিমুল রাঙে রঙ জোছনার তান,
শেষের অশেষ বাণী ঐ বসন্তেরই দান।