সূর্যোদয়
ভোরের সূর্যোদয় ঠিক দেখাবো একদিন, দেখে নিও - যেদিন আহ্লাদে অবসাদে ভোরের আলোর নরম রঙে দাগ পড়বে তোমার ফর্সা গালে, যেদিন প্রানের অনুভূতিতে মিশবে আলোকিত ঝর্না। যেদিন পাখি ডাকা কাকভোরে তোমার আমার ঢিলছোঁড়া দূরত্বে ঘন কুয়াশার চাদর ভেদ করে আবির রাঙানো লাল সূর্যোদয়ে মিশবেনা অস্তগোধূলীর সন্ধ্যারাগ।
ভোরের ভৈরবীতে বাজবে অনাবিল জ্যোৎস্নাধারায় প্রেমের নবজীবনায়নের উষ্ণতা। সেদিন ঝোপ জঙ্গলের ওপার থেকে পাহাড়ি টিলায় পথ চলতি মানুষের অচিন সুরে রক্তমাংসের আমিতে খুঁজে নিও আমার চোখে তোমার সূর্যোদয়। আমি যে সূর্যাস্তের ম্লান আলোয় ভালোবেসেছি দিগন্তের নীলাঞ্জনাকে। তাকে সূর্যোদয়ের ডাক দিয়ে পরিশুদ্ধ হলাম নির্মল প্রশান্তিতে ; তোমার আমার সূর্যোদয়ে পাহাড় ঝর্না মেঘ বৃষ্টির রূপকথার গল্প নেই, আছে আলো আছে জীবনের বাগিচায় রৌদ্রময় সকাল ।