অবচেতন
মাঝে মাঝে শীত খুব।
মাঝে মাঝে উষ্ণতা উধাও।
অনন্ত গহ্বরে ডুব
শীতল রমণ থেকে বহু দূরে
দূরে সরে যাই।
জীর্ণ কাঁথার ভেতর টলমল নদী
ওইখানে ভাসাই শৈশব
কাগজের ডিঙি,
ওখানে দাঁড়িয়ে আমার মা
আর আমার বাবা আকাশে
তার হাত ছুঁয়ে আছে
বাগান থেকে উড়ে আসছে
নীল প্রজাপতি
আমার চোখ থেকে গড়িয়ে
গড়িয়ে পড়ছে কষ্ট
এই অন্তরাল আমাকে নিয়ে যায় নির্বাণে