Apr 29, 2023

গীতশ্রী ভট্টাচার্য্য

নিঃশব্দ পদক্ষেপ

এস ভেঙে ফেলি সমস্ত প্রতিশ্রুতি,সেসব প্রাচীন আজ
এখন নতুন করে ঘর ভাঙার আয়োজন। 
ঘরের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ, উইয়ের বসবাস।
মেরামতি করেও বাঁচানো যায়না কিছু কিছু ঘর।

নিঃশব্দে হাঁটা দিয়েছি দুজনে দুদিকের পথে
আমার হাতে কোনো স্মৃতি নেই ;আছে একমুঠো 
ঘুণ কাটা, উইধরা ঝুরঝুরে মাটির সাহচর্য।
পথে ফেলে ফেলে যাব যদি কখনো ফিরে আসি।

তুমি কী নিয়েছ আমি জানিনা, হয়ত কিছুই নয়
তোমার কাছে দামী ছিলনা কোনোদিন এই ঘর;
পর্যাপ্ত মন ঢেলে দিলে হয়তপোকা লাগতনা এখানে।
নির্বাসন যেতে হতনা এমন অসময়ে, এমন অকালে।

কোনো এক নদীর ধারে এবার বসত গড়ব
নদীর জল  ভাসিয়ে নেবে সেই বাসা তার মর্জিমত; 
আবার পাড়ি দেব অন্য কোথাও, একা নিশব্দে
তোমার কাছে আমার ঠিকানা থাকবে অজ্ঞাত।