Apr 29, 2023

সোনালী রায় বাগচী

বিসর্জন

" উহঃহঃ...আবাগীর বেটির ঘুম কত ! আবার দেয়ালা কচ্ছেন ঢং মেরে । চাঁপা....ও চাঁপা....বলি চোখটা খুলবি , নাকি ? সকাল গড়িয়ে গেলে ঘোষ গিন্নির বাড়ির কাজটা করবে তোমার কোন ভাতারে , অ্যাঁ...? ' সক্কাল সক্কাল মায়ের চিল্লামিল্লিতে ঘুমটা ভেঙে গেল চাঁপার । ধুর...কি সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে ...। সবে মাধুরী দীক্ষিত নাচটা শুরু করেছিল! সেও তো অমন নায়িকাই হতে চায়। কি সুন্দর সাজ , কেমন পোশাক , কত্ত বড়লোক!! মা দিলো সব নষ্ট করে....ধুর, ভাল্লাগে না । চোখ ডলতে ডলতে উঠে বসলো চাঁপা । তার চোখে মুখে এখনো পুরো না হওয়া স্বপ্নের রেশ । তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আবার মুখ ঝামটা দিয়ে উঠলো মালতি , " বলি গতরখানা নাড়বে নাকি কোলে তুলে নিয়ে যেতে হবে ? আমার হয়েছে যত জ্বালা । মেয়ের বাপ তো জন্ম দিয়েই কোন এক ভাতারখাগীকে নিয়ে ঘর ছাড়লো...। এখন সারা জীবন এই বোঝা বয়ে চলতে হবে আমাকে । " রোজকার এই একই ঘটনা । চাঁপাও অভ্যস্ত হয়ে গেছে মায়ের শাপ শাপান্ত শুনতে শুনতে । 

               আড়মোড়া ভেঙে কলতলায় গেল সে । মুখ ধুতে ধুতেই শুনতে পেল একটা পরিচিত গলার স্বর...নারান শয়তানটা । কদিন ধরেই খুব ঘোরাঘুরি করছে এদিকে । চোখের চাউনিটাও যেন কেমন অদ্ভুত । মায়ের সাথে কি অত কথা যে বলে শয়তান মিনসেটা বোঝে না চাঁপা । কিন্তু বুকের ভেতরটা কেন জানি শিরশির করে একটু । নাঃ... আর দেরি করলে হবে না । ঘোষ বাড়ির মাসি বলেছিল আজ নতুন জামা দেবে । আর তিনদিন পরেই তো পুজো । মনটা হঠাৎই খুশিতে ভরে উঠলো চাঁপার । 

                আজ বিজয়া দশমী । বাইরে ঢাক বাজছে । ঠাকুর বিসর্জনের বাজনা । চাঁপার পরনে এখন চুমকি বসানো শাড়ি... নতুন । ঠোঁটে চড়া লিপস্টিক । চুলে রজনীগন্ধার মালা । বালিশে মুখ গুঁজে কাঁদতে কাঁদতেই তার নাকে ভেসে এলো একটা তীব্র ঝাঁঝালো গন্ধ । বেশ বুঝতে পারলো ঘরে ঢুকে দরজাটা কেউ বন্ধ করলো সশব্দে । চোখটা বুঁজে ফেললো চাঁপা....এখন দেবীর বিসর্জন হবে ।