Apr 29, 2023

পঙ্কজ কান্তি মালাকার

রাঙামাটির রাজকন্যে

ক্ষীরসাগরে মুখ ডুবাবো স্বপ্ন ছিল
শীতলপাটির স্নিগ্ধতায় সাত পাঁকে বাঁধলে,
আমার গন্ধরাজ বাগানের স্বপ্ন
শিমুল তুলার মতো উড়ে গেল
রাজগাঁদার সুবাসে দু-বাহুতে জড়ালে,
ও রাঙা মাটির দেশের রাঙা মেয়ে
রোদেপোড়া দুপুর তালপাখা-হাওয়ায় রাঙালে।

ও আমার ব্যাধজীবনের ফুল্লরা
শাকান্নে সংসার রাখলে পাতে,
এই মাটির পৃথিবীতেই নিজগুণে
রূপকথার রানী হয়ে উঠলে,
জীবন যখন স্বপ্নসম আর কি স্বপ্ন দেখি?
তোমার আঁচলছায়াতেই ক্ষীরসাগর
আমি লক্ষ্মীপতি।