অহল্যা মন
ধর বৃষ্টিতে কাক ভেজা হয়ে তোলপাড় জ্বর এলো তোর।
জ্বরের ঘরে একা বসে তুই যন্ত্রণাটা খুবলে খাচ্ছে কপাল।
আমি তোর জানলার শার্সিতে চুপটি করে লাগিয়ে রেখে ঠোঁট ---
বলি,এইতো আছি তোরই পাশে.জলপট্টি দেবার কী দরকার।
তুই তখন ব্যথায় হচ্ছিস কাতর, আমি তোর পড়শী হলাম খাটে।
ব্যথাটা'কে দু'ভাগে ভাগ করে নিয়ে পৌঁছে যাব তোর ই মঞ্জিলে।
তখন যদি মন বাড়াতে পারিস বলবি কী আমার কানে- কানে
ভালোবাসা এক জায়গায় থিতু ব্যথা গুলো যাচ্ছে কেমন উড়ে...।
তোর আঙুলে আঙুল ছুঁয়েই দেখি আদুরে আদর পড়ছে চুঁয়ে চুঁয়ে...।
ক্লান্ত শরীর এলিয়ে দিলি গায়ে আঙুল তখন আঙুল ছুঁয়েই আছে।
বিদ্যুৎলতা হঠাৎ দিল দেখা, বললাম আমি চা করে আনি।
হাতধরে আলতো চাপ দিয়ে আদুরে গলায় বলবি আমি কি তা জানি।
ঘাম এসে জ্বরের মাথা ধুয়ে, পারদটাকে নামাবে টেনে নিচে,
বলবি তুই দু'গালে টোল ফেলে জানিস আমি তোকে দেখলেই ঘামি,
জ্বরটা তখন বুকপকেটে রেখে, ভালোবাসা বাড়ায় পাগলামি।
-----তারপর কাটে কয়েক প্রহর প্রহরী ঘেরা মন।
উঠতে গেলে হাতটা টেনে বলিস আলতো-- স্বরে,আবার আসুক তোলপাড় জ্বর, ঝড় উঠুক দেনাপাওনা নিয়ে--
এমনি করেই কথায় কথায় বেলা ভবিতব্য জমে জমে পাথর, আমি তখন অহল্যা মন নিয়ে জেগে উঠছি তোর স্পর্শ পেয়ে ।