Apr 29, 2023

ভবানী বিশ্বাস

তোমারি নাম গাই

আমি প্রেমে পড়ি। হ্যাঁ, প্রেমেই পড়ি।প্রেমে পড়ার মতো সুখ আর কী আছে জীবনে! প্রেমে পড়া আর ভালোবাসা এক নাকি! 

জানি না।জবাব নেই আমার কাছে।জবাব খুঁজতেও যাই না।

বিকালে জমির আলে বসি।যেন প্রতি দিনের রুটিন।সেগুন বাগানের ভিতর দিয়ে সূর্যের ডুবে যাওয়া দৃশ্য দেখতে মধুর লাগে। নিজেকে হালকা লাগে। আমার কবিতার মতো হালকা।হালকা, সহজ, সরল, শুকনো পাতার মতো। ঝরে পড়লেও শব্দ হয় না। শুধু সূক্ষ্মভাবে কান পাতলে ধরা দেয় তা.. 

হাঁটছি পুকুরপাড়ে। গান চলছে মোবাইলে----  "আমি তোমারি তোমারি তোমারি নাম গাই

আমার নাম গাও তুমি... "

যেন একঘোরে আছি। হঠাৎ নাকে মিষ্টি কোনো ফুলের সুগন্ধ ভেসে আসলো। চারদিকে চেয়ে দেখি পুকুরের দক্ষিণ পারে টিলার উপর এই গাছ। নিজেকে আর ধরে রাখতে পারিনি। ছুটে গেলাম তার কাছে। যেন চুম্বকের মতো টানছে আমায়। তার সুবাস, রঙ এতোই আকর্ষণ করে কাছে না গেলে বোঝাই যাবে না। কাছে গিয়ে দেখি পিঁপড়ের দখলে গেছে ফুল। আমিও ভাগ বসালাম পিঁপড়ের সাথে। যদিও কার জায়গা কে ছাড়ে। যুদ্ধ করে কয়েকটা ফুল নিলাম। 

মনে হল এ ফুলও যেন আমাকেই ডাকছে। কী অপূর্ব রূপ তার। হয়তো স্বর্গের কোনো ফুল হবে! নাম জানি না। ছোটবেলায় দেখেছি। তবে এমনভাবে কখনো দেখিনি। তার প্রতি এমন টান কখনো অনুভব করিনি। হয়তো তখনও সে আমাকে ডেকেছে। আমি শুনতে পাইনি। হয়তো শোনার সেই বয়সটুকু হয়নি। আজ শুনলাম। তার কাছে গেলাম। মনে মনে কথা বললাম। পার্সোনাল কথা..। তার প্রেমে পড়লাম। হ্যাঁ, প্রেমেই পড়লাম। বলতে ইচ্ছে করছে তাকে ভালোবাসি। 

আমাদের একটা সিক্রেট কথা শেয়ার করছি, 

তাকে বলেছি তার একটা সন্তানকে আমার নিজের বাড়িতে লালন করব। সে খুশি হল.. 

তখনও গানটা চলছে, আমি তোমারি তোমারি তোমারি নাম গাই.....