বীর সন্ন্যাসী
আলোর দিশারী তুমি হে বীর সন্ন্যাসী
বিবেকানন্দ
তুমি বিশ্ব পরিব্রাজক
তুমি চিরআনন্দ।
শৌর্য বীর্যে তুমি ছিলে মহা বলীয়ান,
সর্বধর্ম মহাসভায় ছিনিয়ে এনেছিলে মুমূর্ষু ভারতের হারানো সম্মান।
শিকাগোর মাটিতে মহাসমারোহে
তোমার উদাত্ত কণ্ঠ তুলেছিল আলোড়ন, বিশ্ব জয় করেছিলে নিমেষে, অজস্র করতালি ধ্বনিতে হয়েছিল উত্তরণ।
তোমার সাফল্য আজো সভ্যতাকে প্রেরণা যোগায়
তোমার ঔদার্যে ভালোবাসার কক্ষপথে
দীনহীনে স্থান পায়।
হে বীরেশ্বর শিব
তোমার বাণীর আখর যত
যেন সহস্র দীপের আলোকপুঞ্জ
দিকে দিকে সুবাসিত হেম প্রভাময়।
ভারতআত্মা তুমি, তুমি চিরগৈরিকধারী
দৃপ্ত তোমার ভঙ্গী,
অন্তরের গ্লানি মুছে দিয়ে
বিশ্বপ্রেমের চেতনায় মানুষকে করেছ উজ্জীবিত আর জগৎকে করেছ মধুময়।।