Jan 18, 2024

মীনাক্ষী চক্রবর্তী সোম

আলোকবর্তিকা

বিষাদ প্রতিমার মত অনুভূতিহীন সকাল 
কোন প্রত‍্যাশার আলো জ্বালে না আর
অনুসরণের পথ একসময় বেঁকেই যায় 
তখন অনন্ত পথ ডেকে যায় বারবার 
আশারা দলবদ্ধভাবে সহযাত্রী হয়ে চলছিল 
এক এক করে নেমে যায় মাঝপথে ওরা
মাঝিহীন জীবনতরী টাল খেয়ে যায় অজান্তেই 
ক্লান্ত দু-চোখ খোলা থাকে কারো অপেক্ষায় 
মরুতৃষ্ণা নিয়ে পথিকের অনন্ত যাত্রাপথে মেরুপ্রভা যেমন ছড়ায় আভা
চাঁদ, সূর্য আর অসংখ্য তারারা জেগে থাকে 
সেরকম সময়ে আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যায় 
ভগীরথের মত কোনও এক উজ্জ্বল প্রজন্ম
ওরা ব‍্যস্ত থাকে নতুনের আবাহনে অথবা উদযাপনে।।