Jan 18, 2024

রুদ্র মোস্তফা

আয়নায় আগুনের উৎপাত 

এই শহরে রঙের চেয়ে প্রচার রঙিন
হৃদয়ের চেয়ে প্রদর্শন বড়
এখানে আধুনিক হওয়া মানেই নিজের মতন বাঁচা 
দ্বীপ থেকে দ্বীপান্তরে কেবলই দৌড়ে দৌড়ে পৌঁছানো 
নিঃসঙ্গতার ধুলায় উড়ানো বিচ্ছিন্নতার গল্প। 
প্রতিটি প্রিয়জন ভেতরে অন্যজন 
প্রতিটি ঘরে প্রত্যেকের বিচ্ছিন্ন বাস 
তবু পরস্পরের বেঁচে থাকা যেন প্রযুক্তিরই অন্য এক প্রজনন।

এখানে মোড়কে বন্দী আভিজাত্যের ক্রন্দন 
এখানে ঝিনুকের ব্যথা ঝুলে থাকে ফুটপাতের দোকানে
বিষাক্ত কার্বনের কাঁথা গায়ে জড়িয়ে ভালোবাসা উদযাপিত হয় 
কেমোফ্ল্যাজের কারখানায়। 
এই শহরের আয়না জুড়ে আগুনের উৎপাত 
দৈনিক নিজের ভেতর থেকে বেরিয়ে আসে দগ্ধ মুখ।