Jan 18, 2024

সপ্তমিতা নাথ

শীত শেষে অপেক্ষার বসন্ত

বলিরেখা পড়া খসখসে প্রকৃতির,
আর কী রংয়ের প্রত্যাশা চৈত্র  থেকে ,
ব্যর্থতার, পাঞ্জাবি পকেটে ভাজ করা,
শতবর্ষের শীতকাল ।
 
মাতাল দক্ষিণা হাওয়ার আপ্রাণ চেষ্টা,
খানিক আর্দ্রতা দেওয়ার।
কিন্তু মুখমণ্ডলে যে জমে আছে ,
দিগন্ত মেরুর অনন্ত বরফ 
সেই তাপমান কেবলই বিয়োগে।

ধার করা জ্যোৎস্না তো
সৌরভ ও গোলাপের জন্য হাহাকার করবেই।
বসন্তের গুন গুন করার চৈত্রসন্ধ্যাও 
মধুর দুপুর ডাকছে ,
কিন্তু কঠিন শীত কি পেরোতে পারবে 
হামাগুড়ি দিয়ে ।
মন সাড়া দে হাত বাড়াতে ,
তবুও ভীত শীত সন্ধ্যা যদি
হয় চিরঅস্তমিত।

হয়তো বা বসন্তের সকালে সদ্য ফোটা 
রজনীগন্ধা ও গন্ধরাজের গন্ধে 
পুনঃ জাগবে ঝিমিয়ে পড়া রাত ।
বরফের সব আস্তরণ বিগলিত
করবে বসন্তের মধুর কোকিল ডাকে
কী জানি কোন খোলা চিঠি নিয়ে 
আসছে বসন্ত ,
এখন আসার দীপ নিয়ে দুয়ারে বসে আছি
তোমার অপেক্ষায় বসন্ত।