Jan 18, 2024

গীতশ্রী ভট্টাচার্য্য

রোদের চুম্বন

শীতের রোদ পায়ে খেলা করে পোষা বেড়ালের মত
রচনা হয় কত আঁকিবুঁকি , জাফরি জাফরি আলপনা।
আমার শীত কাটে প্রেমহীন, তাপহীন; তবু উষ্ণ কিছু
ছুঁয়ে যায় অশরীরী আত্মার মত আলোর জালে জালে।

কেউ বলেছিল, পায়ের ঠান্ডা নিয়ে নেবে তার বুকে
চরণ চুম্বনে শুষে নেবে শরীরের সমস্ত হিম হিম দুঃখ।
কথারা হারিয়ে যায় কুয়াশার চাদরে , ধোঁয়ায় ধোঁয়ায়। 
তবু আমার পায়ের শীতলতা পায়েই থেকে যায়।

এমন শীতে আগুনের পাশাপাশি গলে যেতে ইচ্ছে হয়
রোদের উম উম বুকে নিজেকে সঁপে দিয়ে ঈশ্বরী হতে
বড্ড সাধ হয়! সখা হয়ে কেউ আসেনা পৌষ সন্ধায় 
কাঁধের উপর একটি পশমিনা শাল জড়িয়ে দিতে।
আমার শীত কমেনা, রোদে শুধু পা পুড়ে যায়।