Jan 18, 2024

কুশল ভৌমিক

মায়া

আপাদমস্তক জেনো গ্রামের সন্তান আমি
আমার আঙুল ছুঁয়ে ছুটে কাঁটাখাল
চোখের সকেটে খেলে ফসলের মাঠ আর
হৃৎপিণ্ডের কুঠুরিতে ডাহুকের ডাক।

প্রণয় আখ্যান যত শিশিরের জলে ধুয়ে 
আমিও কীভাবে যেন সুতোকাটা ঘুড়ি হয়ে 
ঢুকে গেছি শহরের জামার ভেতর। 
প্রেমহীন মিলনের অভ্যাস-সঙ্গমে 
রপ্ত করেছি যত সাংসারিক উচ্চারণ 
পাখিদের কাব্যভাষা,নদীদের ব্যাকরণ ভুলে।

তবুও গভীর রাতে শহর ঘুমিয়ে গেলে
অন্ধকারে জেগে ওঠে গ্রাম
দু'চোখে যমুনা নিয়ে অভিমান ভরে বলে--

'ভুলে গেছো ঠিকুজি ও নাম?

বুকের উঠোনজুড়ে একে একে ভেসে ওঠে 
ভুলে যাওয়া সব সর্বনাম 

কোথায়  পালাবো বলো
আমি তো তোমারই আছি
চিরকাল তোমারই ছিলাম।