ডেলিভারি ম্যান
প্রথমবারের আলাপচারিতা থেকেই সুবর্ণদাকে ভাল লেগেছিল সুমনার । বেশ কয়েকবার অনলাইনে এটা ওটা কেনার পর সুবর্ণদার সঙ্গে সুমনার সখ্যতা বেড়ে উঠে ।
এখন প্রয়োজন ছাড়াও সুমনা বিভিন্ন জিনিস অর্ডার করে । সুবর্ণদা আসে, ডেলিভারি দিয়ে যায় । সুবর্ণদা এলেই একটু বসিয়ে সুমনা চা, এটা ওটা খাইয়ে দেয় ।
ইতিমধ্যেই সুমনা এম এ পাশ করা সুবর্ণদা সম্পর্কে অনেক কিছু জেনে নেয় ; জেনে নেয় তার ডেলিভারি ম্যান হয়ে উঠার নিম্নমধ্যবিত্ত কাহিনী । সুবর্ণদা অনেক কষ্ট করে একটা পুরনো বাইক কিনতে পেরেছিল ।
আজ সুমনার কাজে বেশ তোড়জোড় ; নানারকম নাড়ু, সন্দেশ নিজের হাতে তৈরি হচ্ছে ; সুবর্ণদাকে সারপ্রাইজ দেবে সুমনা ।
স্বামী দীনেশ অফিস থেকে ফেরার সময় বেশ কেনাকাটা করে আসে -- সুবর্ণদা, তার স্ত্রী ও ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা প্যাকেটে কাপড় । লিফটের তিন নম্বর বোটনে টিপ দেওয়া দরজা খুলতেই সুমনার একমাত্র ছোট্ট মেয়ে বাবার গালে একটা চুমু খেয়ে নেয় ।
আজ সুমনার মেয়েও পড়াশোনা শিকেয় তুলে মায়ের কাজে হাত বাটাতে চাইছে, বলে "মা, মামা কখন আসবে ; কখন ভাইফোঁটা দেবে ? জানো, মামার জন্যে একটা গ্রিটিংস কার্ড বানিয়েছি"। মেয়ের দিকে সুমনার গভীর স্নেহমাখা চাহনির পরে সে শুধুই স্বর্গের অস্তিত্ব অনুভব করে ।