তের্জরিমা ভুলেছ তুমি
ভুলেছ তুমি, আমি ভোলার অনেকই আগে,
এখন সেইসব স্মৃতির থেকে যাইনি বেশী দূরে,
না ফোটার কবিতার বাণী ভিজেছে অনুরাগে।
এখনো তুমি আগের মতন স্মৃতির অলিন্দ জুড়ে..
শুধু তুমি গেছো হাজার যোজন দূরে সরে,
তবুও আনছি তুলে স্মৃতি অনুতাপের কবর খুঁড়ে।
দিনরাত নয়, একলা দুপুর বিলিয়েছি অকাতরে,
আজ আকাশের বুকে সন্ধ্যা নামে সূর্য অস্তাচলে,
ভিন-দেশী তারারা আজ ভাবনা ফেরি ক'রে।
ঘুম হারানো ঘুমের ঘরে দুঃস্বপ্ন কথা বলে,
চোখ বলে কোথায় আলো, অতল অন্ধকার,
মন আজ সংক্রমিত বিষাদের অশ্রুজলে।
ভালোবাসা ছিলনা তোমার, ছিল চিত্তের বিকার,
ভালোবাসার তলোয়ার, আহা্; বড়ই চমৎকার।