Oct 24, 2021

সুমনা রায়

মালজিপাড়া হাইওয়ে ক্যাফে

নির্ঘুম হাইওয়ের ক্লান্তি মুছিয়ে স্পিডোমিটারকে জাগিয়ে রাখাতেই ভেসে ওঠে হাইওয়ে ক্যাফের নিজস্বতা। কফির গরম ধোঁয়ার সাথে মিশে থাকে ভ্রমণের সুখটান। স্বচ্ছ জানালা দিয়ে বিনা অনুমতিতেই ভেতরে ঢুকে পড়ে চিলতে আকাশ। প্রতিটি চুমুকে মিশে যায় পথের দুপাশে দাঁড়িয়ে থাকা সারি সারি সবুজের ভালোবাসার  ম্যাজিক যা  আমাদের জীবনবোধের জটিলতাকে ভাঙতে থাকে আর বেজে ওঠে সরল পথের গান। চেনা অচেনা পথিকের সমবেত যাত্রাবিরতি বাড়িয়ে দেয় ব্রুড বাতাসের ক্ষেত্রফল। কোন পেয়ালায় ঢেউ তোলে অজানা দূরত্ব ছুঁয়ে দেখবার উচ্ছলতা আবার কোথাও উপচে পড়ে ঘরে ফেরার নরম প্রশান্তি। ঘরোয়া উষ্ণতার সাথে বাইরের সীমাহীন উদারতা এক সরলরেখায় মিলে আমাদের রোস্টেড জীবনে এনে দেয় এক অনন্য গন্ধ। এই গন্ধে আলাদা করা যায় না অ্যারাবিকা থেকে রুবাস্টা, এক্সপ্রেসো থেকে লাটে বা কইতাডো। মালজিপাড়ার সেলফি ক্যামেরায় আজ ভেসে ওঠে শুধু নার্সিসাস সময়ের মুগ্ধতা ۔۔۔