বাংলা ভাষা - আলো আশা
A, B, C, D শিখেছি মা বাংলা শেখার পরেঅ,আ,ক,খ শেখা সে তো তোমার-ই হাত ধরে ,
মুখে- মুখে শিখিয়েছিলে কবিগুরুর ছড়া
বি-এ, এম-এ পাশ করে মা সাঙ্গ করি পড়া ।
বাংলা আমায় শিখিয়ে তুমি করনিকো ভুল
প্রতিবাদের ভাষা শেখায় বিদ্রোহী নজরুল ,
সুকান্ত কে পড়তে দিলে একটু মনে কর
জন্মদিনে হাতে দিয়ে বললে তুমি পড় ।
পাতায়- পাতায় আগুন ঝরায় প্রতিবাদের ভাষা
যুদ্ধ শেষে প্রিয়তমার কাছে ফেরার আশা,
পড়তে-পড়তে হারিয়েগেছি বাংলা ভাষার কাছে
বাংলা শুধু শিখিনি মা ইংরিজিও আছে ।
বলতে লিখতে শিখেছি মা শুধুই বাংলা নয়
ইংরিজিটা বলতে এখন হয়না মোটেও ভয়,
অনেক ভাষাই বলতে পারি এখন অনায়াসে
জার্মানি ও ফ্রেঞ্চ ভাষাতো ঠোঁটের ওপর ভাসে।
ভাবছ তুমি তোমার খোকা শিখল কেমন করে
ভাগ্যি তুমি শিখিয়েছিলে বাংলাটা হাত ধরে,
বাংলা যদি না শেখাতে ধরতে পারি বাজি
আমার কাছে "টেগোর " হতো শুধুই ইংরাজি !