পর্দার অন্তরালে
অব্যক্ত যন্ত্রণা হৃদয়ে বয়ে,
ধুকেধুকে তিলেতিলে ক্ষয় হচ্ছি-
তোমার স্মৃতিতে,
তোমার দেওয়া প্রতিটি আঘাত-
বুকে ক্ষত সৃষ্টি করেছে,
প্রতি রাতে তীব্র ব্যথা হয়-
বালিশে মুখ লুকিয়ে কাঁদি,
সেই কান্নার শব্দ তুমি শুনবে না।
মনে আছে সেই দিনের কথা,
বেরিয়েছিলাম দুজনে বেড়াতে-
তুমি ছিলে বাইকে,
আমার পেছনে বসা, একটু তফাতে!
পাহাড়ি জনপথ, ইচ্ছে করেই ব্রেক কষতাম,
জড়িয়ে ধরতে আমায়-
তুমি চিৎকার দিতে,
আমি খিলখিলিয়ে হাসতাম।
হঠাৎ খুব বৃষ্টি এলো,
দাঁড়াতে চেয়েছি আমি বড় গাছতলায়-
তুমি চাইছো ভিজতে,
লম্বা সফর, অনেক ভিজলাম-
দুজনে আশ্রয় নিলাম এক পান্থশালায়,
পাশাপাশি কাছাকাছি বসলাম দুজনে-
হঠাৎ বিদ্যুৎ চমক,
মনের অজান্তে আমার বুকে মাথা গুজলে।
অনেক অব্যক্ত কথা বলেছিলে,
যা আজ চোখে জল ঝরায়-
বলেছিলে সেদিন কাঁদোকাঁদো ভাবে,
চিরকাল তুমি থাকবে আমার-
মৃত্যুতেই হবে আলাদা,
ভাবতাম, এমন দুর্দিন যেন দেখতে না হয়-
কোথায় তোমার সেই প্রতিশ্রুতি,
কোথায় তোমার গভীর ভালোবাসা?