Oct 22, 2021

পিঙ্কু চন্দ

জল রেখা

বুকের ভেতর ছটফট করে মানুষ
আকাশে মেঘের বিষাদ মুখ
নির্জন পথ হাঁটে উদ্ভ্রান্ত সময়
 মন্ত্রণা কক্ষে জ্বলে কুটিল আলো

লিখি তবু অনুর্বর মাটির কথা
ঘাসের বুকে শিশিরের মগ্নতা
লিখি নির্মম মরুময়তার ভেতর
সময়ের এক ক্ষীণ জলধারা

পাহাড় থেকে নেমে আসে নদী
চপল যৌবন বালার কটাক্ষে
এক অলীক সুখের কাব্য কথা
রাতের জ্যোৎস্নায় ঝরে মুগ্ধ স্বর

মেঘের ডানায়  শোকের সন্তাপ
বৃষ্টিতে ঝরে হৃদয়ের অনুতাপ
মানুষের ব্যস্ততাই বলে দিচ্ছে
কতটা সুখী আমাদের সংসার।

শুকনো শিরিষ পাতার মতো স্বপ্ন
বেলা বয়ে কেবল কালবেলায়
 মরুর বুকে , ক্যাকটাস খুঁজে
 মাটির গভীরে জল রেখা।