জটিল উপপাদ্য
আশ্বিনের এই শুক্লপক্ষে
ভাদ্রের ঘুমোট ভাব কেটে
হিমলাগা বাতাস যায় বয়ে,
মাধবীলতারা ওঠে কেঁপে
সে কাঁপনের ছোঁয়াচ লাগে
কবেকার সেই কথা মনে পড়ে..
সম্পর্ক এক জটিল উপপাদ্য
মিলাতে পারলে আমোদিত
না পারলে মুখ থুবড়ে পড়ে
সুতোছেঁড়া ঘুড়ির মতন উড়ে
নাটাই ফেলে কোথায় যায় হারিয়ে
না- মন না- আকাশ তা জানে।
তখন জ্যোৎস্না মিলায় সুদূরে
কবিতার শব্দমালা সহচরী হয়ে
আমাকে ছুঁয়ে দেয়, হাত ধরে
বসায় জীবনবোধের পাঠে।