বসে আছি এক মাটির স্তূপের উপর
বাঁশ বনের ফাঁকে দূরে প্রবাহিত নদী
যেখানে জল আর পানি মিলে মিশে একাকার।
সমুদ্র মোহনায় এ মাটিও মিশে যাবে একদিন
ধুয়ে যাবে জীবনানন্দের সোনার গাঁ।
শুধু তুমি আর আমি মিশতে পারবনা সেদিনও।
আমার দু'চোখ জুড়ে জল
আর নদীর কোলাহল,
তবুও চেয়ে আছি কাঁটাতারের ওপারে।
আগুনে আগুনে ঝলসে যাওয়া তোমার দেশ
আর আমার দেশ পাশাপাশি,
কত যুগ কত বছর রাশি রাশি।
আজও হাত বাড়িয়েই আছে
অজস্র গঙ্গার ধারায় অমিয় জল পাঠিয়ে
তোমায় শান্ত করতে করতে
এ দেশ এখন ক্লান্ত, খোঁড়া
তুমি শান্ত হও, হে সবুজ তুমি ঝলসে যেও না।