উষ্ণ পাহাড়
পাহাড় একটু একটু করে বুকে প্রেম জমিয়ে বড়ো করে নিজেকে।
ঋতুর পর ঋতু।
কত পাহাড়ি ফুল ফুটায় তার পুরো শরীর জুড়ে,
প্রেমিকাকে প্রেম নিবেদন করবে বলে।
প্রেমিকার পদরেণুর অপেক্ষা প্রহর গুনে পাহাড়।
পাহাড় চায় তার বুক চিড়ে রাস্তা করুক কেউ,
তার প্রেমিকার জন্য।
পাহাড় চায় তার প্রেমিকা আলতো করে ছুঁয়ে যাক তাকে।
তার নিতান্তই যত্ন করা ফুল গুলির শোভা বাড়ুক।
অথচ প্রেমিকা আসে না।
কত ঋতুর পর ঋতু চলে যায়।
ফুল আজন্মা দুঃখ নিয়ে ঝরে যায় পাহাড়ের গা ছেড়ে।
পাহাড়ের চোখ জুড়ে অশ্রু-ধস নামে তার গা বেয়ে।