Oct 22, 2021

মীনাক্ষী চক্রবর্তী (সোম)

হৃদয় ক্ষরণ শেষে

কত শত বছর সাধনা শেষে 

সম্প্রীতির সেতু হয়েছে নির্মাণ,  

সেতু ভেঙে টুকরো করেছে 

দুপারে তার অবস্থান।।

ক্ষত বেয়ে রক্ত ঝরে কত

চোরা ভালোবাসা আজও অম্লান,

একস্থানে তার বসবাস আর 

অন‍্যখানে অধিষ্ঠান।।

গগনচুম্বী সীমানা পাহারায় 

দেয়াল তুলে দেয় শুধু,

হৃদয় ভাঙা মিছিল এগোয়

থামাতে পারে না তবু।।

ওই মিছিলে পদচারীদের

হৃদয় থাকে সীমানার পারে,

অনুভবে আর যাপন বেলায় 

ভালোবাসা বয় ফল্গু হয়ে।।

অস্ত্র পারে নি স্তব্ধ করতে

ক্ষমতার বড়াই শক্ত করে ভিত,

যত চেপে ধরে, ততই উদ্গীরণ

একতার সুর জোরে গায় গীত।।

সেই গীত ছড়িয়ে পড়েছে 

জলে স্থলে অন্তরীক্ষে,

বিবেক আবেগ একসাথে আজ

ক্ষত হৃদয়ের বিজয়া দেখেছে।।