উৎসব শেষে
সব রঙ ফিকে হয়ে আসে
তার রেশটুকু লেগে থাকে নির্বাক চোখে,
আলো আঁধারিতে ডুবে যায় ক্ষণ
দূরে ঢাকের আওয়াজ ক্ষীণ হয়ে আসে ,
এত আয়োজন কত আড়ম্বর আলো মুখরিত ঝলমলে শহর দু'দিনের তরে ......
উমা ফিরে গেছে কৈলাসে বাপের ঘর ছেড়ে নিজবাসে ৷
সহাস্য আননে এসেছিল উমা ফিরেছে মলিন বেশে ,
আজো নারীদেহ হয় ছিন্নভিন্ন
প্রভেদ থাকেনা মানুষ দেবতায়
হাত উঠে অক্লেশে ,
নিষ্ঠুরতার সীমা হয়েছে লঙ্ঘন
ক্ষত বিক্ষত উমা প্রতি ঘরে রেখে গেছে তার নিদর্শন ৷
উদ্বেলিত মন কেবলই জিজ্ঞাসে,
কেন আস মা , ধর্মের পরাকাষ্ঠে ভরা এই দেশে ?
এদেশে দেবতা বলে তুমি ও পাবে না ছাড় ,এরা ধর্মভীরু ধর্মের দোহাই দিয়ে মানুষের করে বিচার৷
আসছে বছর আবার এস মা ...
ক্ষমা ক'রে দিও এই নির্বোধ অর্বাচীনে ৷
উৎসব শেষে আলোহীন শহর জেগে থাকে নিদারুণ অপমানে ৷