স্বপ্নে দেখা চাঁদ
এটা শুধুই স্বপ্ন ছিল,
গল্প অনেক অল্প ছিল,
স্বপ্নে ছিল একটি সুখের নীড়,
বাইরে ছিল তারা ভরা রাত,
আর জোনাকির ভিড়।
আমি জলছবিতে রং মেশাতে
ব্যস্ত আপন মনে,
পূর্ণিমা চাঁদ দিচ্ছে উঁকি
খোলা জানালার পানে
অদূরে ছিল জল ভরা দিঘি
চাঁদের জোছনা মাখা,
সেই জোছনায় সহসা যে পাই
আরেক চাঁদের দেখা।
তার কল্কা পাড়ের নীল শাড়ি
আর আলতা রাঙানো পায়,
সে যে কলস কাঁখে জল ভরিতে
ঐ দিঘিতে যায়।
মেঘ রঙ চুল বাঁধা ছিল তার
রঙিন জরির ফিতায়,
হাতের কাঁকন পায়ের নূপুর
বাড়ায় শোভা তায়।
তার রূপের ঝলক লাগায় চমক
আমার হৃদয় টায়,
তাই কল্পনার ঐ জলছবিটা
পূর্ণতা যে পায়।