Oct 18, 2021

প্রসেনজিৎ রায়

পৃথিবী আমাদের হোক

শুনলাম পৃথিবীটা কোনো এক ধর্মের মানুষের.....

বাকিরা সবাই উদ্বাস্ত,

তাই বাকিরা সবাই মরতে হবে বিনা প্রতিবাদে....

এ পৃথিবীর এটাই শর্ত ।


আবার শুনি সারা পৃথিবীর মালিক ধনতন্ত্র.....

তৃতীয় বিশ্ববাসী নীরব গোলাম,

সর্বনাশা প্রতিবাদের ঝড় উঠেও থেমে যায় চোখরাঙানিতে,

মেকি গণতন্ত্র তোমায় হাজার সেলাম ।


জানলাম একদিন পৃথিবীটা খেলার পুতুল রাজনীতির.....

শিক্ষিত সৎ মাথাগুলো শুধুই সরঞ্জাম,

কলম হারালো অমর কথা লেখার দাবী......

বদলে রক্তে সাজানো অমর স্বার্থবাদীর নাম ।


বুঝি আজ পৃথিবীটা জোরের মুলুক.....

বুভুক্ষু অসহায় মুখগুলো বড্ড বেমানান,

নিষ্পাপ আবদারগুলো শিকার ঘৃণ্য লালসার.....

হৃদয়হীনের ভিড়ে দমবন্ধ সরল হাজার প্রাণ ।


আঁধার সরে হবে সূর্যোদয় আবার নতুন দিনের..

খুঁজে পাবে জানি একদিন সর্বহারার দল প্রাপ্য সুখ,

মহাকালের তোপে ধ্বংস হোক সব ভেদাভেদ...

পৃথিবীটা শুধু আমাদের মানুষের হোক ।