মহারাজ
বানাও উঁইয়ের স্বর্গ , অর্থহীন মরা বক্তৃতায় ;
ধূর্তবীজ বেড়ে ওঠে , সমাজের লকলকে ডগায় ।
আর যত ভিক্ষাভক্ত , হল্লারক্ত, পাথরবধির কলরোল ;
লতাগুল্মগন্ধের শিকড় কাটে, চোরাগোপ্তা গর্তের বিড়াল।
ধর্মতত্ত্ব ভুতগ্রস্ত , রাজপাঠ শব্দকুন্ড সনৎকার ;
ব্রীড়ানম্র নীতিভুষন , কীটদষ্ট ভণিতার বাজার ।
কালেভদ্রে উদ্দাম বালিতে পুঁতেছিল যারা বুক ,
ইতিহাসের জ্বল জ্বল চোখ ; তাঁদের করুণ কপালে
ভিজে ওঠে ----- ভ্রষ্টকালের রক্ত-জঠর
'না-মানুষ না-জন্তুর কারাগার '।
আত্মজীবনী ছিঁড়ে খুঁড়ে, ভাষা খায় কলিজার চাবুক ;
ফেনিয়ে ওঠে ছিলা, বাঁকিয়ে ধনুক ।
কশেরু কঠিন সহনে শিরা , জ্বালিয়ে বিদ্যুৎ ।
এইসব মুখে মাত্ , পিঠে হাত , শীত সুড়সুড়ি ;
মাথা থেকে মেধার মড়ক , খুলে পড়ে দৌড়াদৌড়ি ।
আত্মাহুতি দানের তারে , তবু হেটেঁ যায় জন্মের পরোয়ানা ।
খুঁটি ধরে মারে টান , মারে চোখ , প্রত্যাশার প্রতারনা ।
এইভাবে ছিপ ফেলে , ছাপ খেলে , বসে থাকে মাছ ;
মাছি নয় , মানুষের খেলা দেখে , শকুন মহারাজ ।