সহচর
ভাবনা যত খারাপ-ভালো
থাকে একই মনে,
সৎ-অসৎ উভয় দেখো
মিলে একই সনে।
রিক্ত ধরার বক্ষ জুড়ে
বিশাল রত্নাকর,
ক্ষুদ্র ক্ষুদ্র বেমিলেতে
সকল আপন পর।
সুখের হাসি দুঃখের কান্না
বাজে একই মুখে,
কষ্ট যত আশা যত
বাঁধে বাসা বুকে।
মিঠে তেতো টক ঝাল
স্বাদ একই জিভে,
একই ভবে আলো-আঁধার
জ্বলে আর নেভে।
সুর বেসুরে শব্দ যত
শ্রুত একই কর্ণে,
একই মণিতে দৃশ্য যত
রঙীন নানা বর্ণে।