অ্যাবর্শান
আপাদমস্তক
নীরব মেয়েটি
কাঁপছে নাকের নোলক, কাঁদছে জন্মশ্লোক।
তুলতুলে শরীরে বুলেট ট্রেনের ঘর্ষণ চন্দ্রবিন্দুহীন।
অ্যামিটারের কাঁটায় প্রকাশ্য অসহায়তা।
অমানুষের উত্তেজনা
ভুরিভুরি মাংসল চুম্বন! গালিগালাজের শ্রুতিনাট্য!
কখনও বা অস্ফুটে প্রিয় কবিতা!
সময়ের ব্যঙ্গ...
মেয়েটি প্রতিদিন মরে, হুহু চিতা-জ্বলা মন;
সহমরণে,
একান্তের গোধূলি স্বপ্নরা—
চারপাশে পচে সাংবিধানিক শব্দরা,
কানা বাতিস্তম্ভ
যতক্ষণ বাল্বটা জ্বলছিল, মেয়েটি গর্ভবতী।
আচমকা আলোটা নিভে গেলে,
মেয়েটি কালো রক্ত মেখে অন্ধকার ফুঁসে বেরিয়ে এলো।