Apr 30, 2022

গোপালচন্দ্র দাস

পুরনো ঘর দেখলে আমার ভাঙতে ইচ্ছে করে

পুরনো ঘর দেখলে
আমার ভাঙতে ইচ্ছে করে।
আমার ঘর দুটো পুরনো
একটির চাল আমার টেকো মাথার মতো
অন্যটির টিন আমার সঙ্গির মাথার চুলের মতো---মেহগনি রং।
নতুন ঘর নির্মানের কথা উঠলে
উদার হয়ে পাশ কাটিয়ে চলে যাই।
আমি নতুন ঘর না চাইলেও
কজন লোককে খুসি করার জন্য অন্তত 
একটা নতুন ঘর চাই।
ঘটা করে দিনশেষে নতুন কামরা পাই
নতুন রং ফকফকা আলো
আমার সঙ্গি হাসিখুসি বিজয়িনী।
দেয়ালে টাইলস ,মেঝে গ্রেনাইট
ভেতরে আগুনের প্রয়োজন বোধ করি।
আমি মোমের পুতুল হয়ে জিজ্ঞেস করি
পুরনো ভাষা আর ভালোবাসা চলবেতো!
নাকি তাও বদলাতে হবে?
ওদিক থেকে শব্দ এলো 
পরিবর্তন এলে ক্ষতি কী? 
পুরনো ঘরের চালের ফুঁটো দিয়ে চাঁদ দেখা 
একটি অভ্যাসগত দুঃখ---বদলে যাও
আমাদের জন্য
পুরনো ঘর দেখলে
আমার ভাঙতে ইচ্ছে করে।