Apr 30, 2022

কমল সরকার

নদীমাতৃক

আমাদের খুব কান্না পেলে
কিংবা খিদে পেলে খুব,
রাগে অভিমানে দুঃখে ও বিপদে
ছুটে গেছি এক অন্তর্গত নদীর কাছে। 
নদী তার উদ্‌গত ঢেউয়ের গহিনে
অন্তর্লীন করে নিয়েছে 
আমাদের যাবতীয় মনখারাপের নুড়ি। 
আমাদের এই শাশ্বত নদী
নিরবধি বয়ে গেছে
রান্নাঘর থেকে শোওয়ার ঘর
শোওয়ার ঘর থেকে উঠোন
উঠোন পেরিয়ে সুদূর সমুদ্রে...
অতঃপর সমগ্র পৃথিবীকে আমরা
নদীমাতৃক বলে জেনেছি