Apr 30, 2022

পঙ্কজ কান্তি মালাকার

মাঝেমধ্যে এরকম কারেন্ট যাওয়া ভালো

মাঝেমধ্যে এরকম কারেন্ট যাওয়া ভালো-
ইনভার্টার জিরো হয়
পাওয়ার বেঙ্ক জিরো হয়
মোবাইল চার্জ জিরো হয়
সবাই বেরিয়ে আসে মোবাইলের দুনিয়া থেকে
আগের মতো সামাজিক জীবনে,
বন্ধুদল একসাথে স্নিগ্ধ জোৎস্নায় ঘুরতে বেরোয়
পাড়ার কাকুরা আবার রকে ফিরে
কাকিমারা তালপাখা হাতে উঠোনে জড়ো হয়ে বসে,
পাড়ার এন্টারপ্রেনার দাদাটাও ডেকে খবরাখবর নেয়
-এমন মধুর সামাজিকতা যদি ফিরে আসে
তবে মাঝেমধ্যে এরকম কারেন্ট যাওয়া ভালো।

মাঝেমধ্যে এরকম কারেন্ট যাওয়া ভালো-
"জীবন মানে জি-বাংলা" মিথ্যেটা চুপ হয়
বৌমা শাশুড়ির সাথে দুটো মনের কথা মন খুলে বলে
ননদ বৌদির সাথে রঙ্গরসের গফ করে
ঠাকুমা নাতি নাতনিকে কিচ্ছা শুনায়
কিংবা বাল্যকালে হারিকেনের আলোয় পড়ার অভিজ্ঞতা,
নিউজ পাগল বুড়ো যদি গলা খুলে ধরে
ও মাঝি বাইয়া যাও রে.......
-এমন করে যদি ফিরে আসে জীবনের প্রাণ
তবে মাঝেমধ্যে এরকম কারেন্ট যাওয়া ভালো।