মিথ্যে অহংকার
তোমার জন্য থাকুক প্রিয়,
রত্নখচিত, লক্ষ টাকার ঘর।
আমার আছে মিঠে রোদে
ভেজা মুক্ত নীলাম্বর।
তোমার থাকুক নরম বিছানা,
আর গন্ধ মেশানো স্নান।
আমার আছে শান্তির ঘুম,
আর সোঁদা মাটির ঘ্রান।
তোমার থাকুক 'সুখ আর সুখ'
রাশিরাশি রঙ আলো।
আমার মাটির ঘরে মাটির পিদিম,
আনন্দে টলোমলো।
পঞ্চভূত হতে সৃষ্ট আমি,
হব পঞ্চভূতেই লীণ।
ভ্রমে করে মরি, বৃথা জারিজুরি,
ক্রমে নাড়ী হয়ে যায় ক্ষীণ।
তবু মিছে অহম্, যায়না এখনো,
ভাবি - করছি সবই আমি।
কেন যে বুঝিনি, শুধু নিমিত্ত আমি,
সবই করায় অন্তর্যামী।