Apr 25, 2022

কল্যাণ দাস

আমি তো এমন চাইনি!
              

জীবনটা হোক সবুজ স্বপন
জোছনা মাখা চাঁদের মতন,
তাতেই বুঝি লেগেছে গ্রহণ
আমি তো এমন চাইনি!

চেয়েছি জীবনে খুশির রেখা,
আঁকাবাঁকা পথে পাই যেন দেখা,
হাজারের ভিরে তবুও একা
আমি তো এমন চাইনি!

আমার প্রিয় তারা সকল,
আমি বন্ধু তাদের নই যে নকল,
নকলেরা সব করছে দখল
আমি তো এমন চাইনি!

আপনার চেয়ে আপন যে জন
দিয়েছি যে আমি মনের আসন,
সেথায় বুঝি ধরবে ভাঙন
আমি তো এমন চাইনি!

মনেতে জমেছে কালো মেঘ তায়
বিদ্যুৎ শুধু আজ চমকায়,
অশ্রু গড়িয়ে ঝরে কবিতায়
আমি তো এমন চাইনি!