Aug 6, 2021

পলাশ পাল

ঘর দখল

সময়ের স্রোতে ভেসে চলেছে মুহূর্ত...
আমার গভীরে আজগুবি প্রেম
আজ বিভেদের দেওয়াল ভেঙেছে।
তবুও সমাজ বলে আমায়
আমি নাকি এক বন্য পাগল
চেতনা দিয়ে দেওয়াল গড়েছি বলে।
একটু এগোলেই আমার স্বপ্নের ক্ষুদিরাম
বিদায়ের কথা বলে।
আকাশের জীবনে সন্ধ্যা নামলেই
সহসা ঝরে পড়ে নির্দোষ চোখগুলো দিয়ে।
উন্মাদের মত খুঁজে বেড়াই শত শত সুভাষ...
বয়স্ক কাঁটাতারে তর্জনী ছোঁয়ালেই
কোথা থেকে যেন ভেসে আসে বিপ্লবের গর্জন,
আমার বন্য সুখের নির্জনতায়
কফিন ভর্তি স্বদেশীদের যুদ্ধের সূত্র লুকিয়ে...
আর আমার মানচিত্রে ইতিহাস গড়তে
ঘর দখল করেছে আগামীর সুভাষ।