স্বদেশ
সুপ্রভাত জন্মভূমি , কেমন আছো তুমি ?
সুজলা-সুফলা শস্যশ্যামল,ষড়্ ঋতুর বৈচিত্র্যে ভরা রূপসী বাংলাদেশ, আমার জন্মভূমি ৷
সূর্যোদয়ের ঝলমলে আলো মনে এনে দিত প্রশান্তি, গ্রীষ্মের দাবদাহে শীতলপাটি, নিঝুম রাতে ঘুমপাড়ানীয়া গান, শীতের নক্সী কাঁথার সুখ, কতকাল দেখিনি তোমার মুখ ৷
কেমন আছো সদরঘাট,বুড়িগঙ্গা,
ঢাকার রাজপথ ?
যেখানে ছুঁয়ে আছে আমার শৈশব৷
শুনেছি তুমি পাল্টে গেছো,তোমার
স্নিগ্ধ সৌন্দর্যে এসেছে আধুনিকতার ছোঁয়া, তোমার চলনে-বলনে পাশ্চাত্যের ঢঙ, সংস্কৃতিতে ও পৌঁছে গেছো বিশ্বের
দরবারে, তোমায় অভিবাদন ৷
নিশ্চয় ভুলেছো আমায় ? ভুলিনি তোমাকে, তোমার কোলে জন্মেছিলাম,পেড়িয়েছি জীবনের প্রথম ধাপ, খেলার সাথীরা আজো মননে, তোমাকে ভুলি কেমনে !
একাত্তরের নিদারুণ দিন এখনো বুকে কাঁপন ধরায়, নিঃস্ব-রিক্ত হয়ে একদিন তোমার কাছে নিলাম বিদায় ৷
মাতৃভূমি , তুমি যে মাতৃসম ,অন্তর কাঁদে তোমার দুঃখে, আনন্দে থাকি তুমি থাকলে সুখে , বড়ো সাধ জাগে তোমার কাছে আবার ফিরি, তোমার ছায়ায়, তোমার মায়ায় নতুন ক'রে জীবন গড়ি ৷৷