অসাম্যের ছোঁয়া
আদর্শ আর নীতির মালা,
নতুন আশার চেতনায়
খুঁজছে পথ আঁধার মাঝে,
একবুক মরুর বিষন্নতায়।
সভ্যতা দূরে অট্টহাসে, ভুল মেলানো অঙ্ক হাতে
হারায় চোখ আলোক রশ্মি,
কাল যুগের অন্ধরাতে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সম, দুঃখ কথার ডালি
ন্যায়ের পথে নিরবে খায়, মিথ্যা মেকির গালি।
প্রকৃতি আজ ক্লোরোফিলহীন, স্মৃতির ঝুলে ডাল
বেওয়ারিশ রক্ত লাশে, রোমাঞ্চিত মাটির গাল।
চারিদিকে আঁধার প্রলয়, বিষাদের কালো হাত
মিথ্যা হাসির কলঙ্ক দাগে,
উঠছে পুবে দ্বাদশীর চাঁদ।
শব্দহীন কন্ঠধ্বনি, রঙ মিছিলের ভীড়ে
খুঁজছে পথ নৈতিকতার, শক্ত মাটি চিরে।
মিথ্যা মুখ অট্টহাসে, রঙ মিছিলের বিজয় রথে
ন্যায়ের চাকা হোঁচট খায়, রক্তে বিদ্ধ পিছল পথে।
পাথর বুকের প্রতিবাদ গুমড়ে যেনো কাঁদে
রক্তে রাঙা পলাশীর মুখ, নগ্ন বিষাদ খাদে।
নির্বিচারে ফুটপাত ধরে, চলে জয়ের মিছিল
অভুক্ত উদর মুখ, খোঁজে বাঁচার অন্তর্মিল।
সভ্য মানব মুখ ফিরায়ে, রঙের মুখোশ পড়ে
যুগে যুগে নিজ স্বার্থের, যুদ্ধ নিশান লড়ে।
প্রেমহীন পৃথিবী ধৃষ্টতার আস্তরণে কাটে দাগ
ছায়াহীন শরীর ছা'য়ে, ছড়ায়ে ছায়ানট রাগ।
নিভৃতে নারীত্বের বলি হয়, বিষন্ন প্রেমালাপে
ললাটের রুদ্ধ ললাটিকা, প্রজ্জ্বলিত কুসন্তাপে।
অন্ধগলি নেশাতুর প্রেমের রক্ত খরস্রোত
নিয়ত বুকে ধায়, অসংখ্য মুক্ত রাজপথ।
স্পন্দহীন তরু তমাল সারি, কালো আঁধার মাঝে
সহসা চিৎকারে গান গেয়ে ওঠে, পথভোলা সাঁঝে।
হয় বস্ত্রহীন অমীমাংসিত প্রেমালাপে
কামনার মোহে, উষ্ণ ঠোঁটের উদগ্র উত্তাপে।
মৃত্যু হাসি রাগ অনুরাগে কলাপ পাশে
চিৎকারে রঙ মাখে, অসাম্যের মূল্যহীন সহবাসে।
রক্তাক্ত দেহ খোঁজে গঙ্গার স্বচ্ছ বারিধী
জীবন বাঁকের অন্ত দিগন্ত সীমার, প্রস্হ পরিধি।
পরিত্যক্ত দাবি ধুলো হয়, উগ্র বৈশাখী বায়ে
অনিশ্চিত সুখ ভর করে যখন, শত বঞ্চিত কায়ে।
যৌবনের মূল্য তৃপ্তি পায়, বেওয়ারিশ খুনে
বিয়োগাঙ্ক আসক্তি ভগাংশু হয়, ধারাপাত গুণে।
রক্তাক্ত বুটের তলায় ঘৃণার হাসি
অসাম্যের মূল্যবোধে, জাগে সৃষ্টি পথে উল্লাসী।
মনের দীপ্ত দীপ নিভে সহসা ভয়ের বায়ে
যৌবনা পরাজিত পরিনীতা বুক ছা'য়ে।
কলুষিত ছাই জলন্ত চিতাদাহে, লজ্জায় ঢাকে মুখ
ধর্ষিতার আকুন্ঠিত গানে, শিক্ত বর্বরতা মাটির বুক।
তবুও ওঠে না দাবি, প্রতিবাদ
সাম্যের ধ্বজা উড়ুক্কু একাকি, খোঁজে অমানিশার চাঁদ।
সঞ্চিত ব্যথা মাটিতে ফলে, রক্ত জল ঘামে
আসে প্রগতি তিমির সরণি ধরে, নীল মৃত্যু খামে।
অসাম্যের ছোঁয়া পরিত্যক্ত কলুষিত দর্পণ কাঁচে
প্রতিচ্ছবির প্রতিবিম্বে আবদ্ধ, মত্ত নগ্ন নাচে।