Aug 12, 2021

সমরেন্দ্র বিশ্বাস

স্বাধীনতা  তুমি 

স্বাধীনতা

তোমাকে খুঁজেছি আমি

শিশুটির শীর্ণ হাতে , তেরঙ্গা ঝান্ডায় ,

ভাঙা চোরা লেভেল ক্রসিংএ – যেখানে দাঁড়িয়ে শিশু ঝাণ্ডা ফিরি করে ।

স্বাধীনতা

তোমাকে খুঁজেছি আমি

উদভ্রান্ত কিশোরের চোখে , রাস্তা যার প্রসারিত  থাকে 

নামহীন অন্ধকারে , দিশাহীন দিকে । 


তোমাকে দেখেছি আমি যুবকের বুকে ,

গায়ে গেঞ্জী ব্রান্ডেড কোম্পানীর , তাতে লেখা -“ ধ্বংস হও” ,

স্বাধীনতা , তোমার বুকে কেন আজো বোধহীন যুবকের অসহায় রাগ ?


স্বাধীনতা

তোমাকে দেখেছি আমি

কলোনির ভাঙা চালে , ঢ্যাঙ্গা গাছের ফাটা বাকলের ডালে ,

যেখানে যন্ত্রণারা আজো হাহাকারে কাঁদে ।


স্বাধীনতা

তোমাকে জেনেছি আমি

ধর্মান্ধ প্রৌঢ়ের   দূর্বিনীত চিৎকারে , 

অনর্গল লাঠি টুপি মার্চ করে , অসহিষ্ণুতা জ্বালায় আগুন জনতার ঘরে  ।


স্বাধীনতা তোমাকে দেখেছি 

হাহাকারে  , শূন্য থাকা পেনশন খাতায় , বৃদ্ধাশ্রমে , 

ছেলে কারো স্বাধীনতা নিয়ে আমেরিকা থাকে , মাঝে মাঝে পদ্য লেখে ।


স্বাধীনতা

তোমাকে দেখেছি আমি

বিদেশীয় যুদ্ধযানে , বন্দরের খালাসীর হাতে – হ্যান্ড বিলে , 

এফ ডি আই এর অশান্ত ঢেউ এ , বিদেশী বনিকের বিতর্ক সভায় ।


স্বাধীনতা

তোমাকে দেখেছি আমি

কুচ কাওয়াজে , জঙ্গলে জঙ্গলে ,

আড়ালে আড়ালে একা একা ফুটে থাকা প্রতিবাদী ফুলের হাসিতে

চোরাগোপ্তা খুনে , পুলিশের বেয়নেটে

গ্রাম থেকে ধেয়ে আসা লোকের মিছিলে ।


স্বাধীনতা তুমি 

কবিতায় শামসুর রহমান ,

বহমান গঙ্গা গোদাবরী ,

স্বাধীনতা তুমি 

ভন্ড নেতাদের চোখ , গন্ধে রি রি নোংরা রাজনীতি

বন্ধ কারখানা , ছাঁটাই নোটিশ 

অফিস-বাবুদের ড্রেস , কানুনের ঘেরাটোপ

ভ্রষ্ট রসিদের টাকা ।


স্বাধীনতা তুমি 

দেনাদায়ে ডুবে থাকা কৃষকের আত্মহত্যা ,

উপত্যকা জুড়ে বেনামি সন্ত্রাস ,

শর্মিলা চানুর যুগ যুগ অনশন ।


স্বাধীনতা , তুমি শীতঘুম , পরিকল্পনার মৃত চলাচল ,

ব্যালটে বাটন দাবা , আঙ্গুলের নীল কালি ।

স্বাধীনতা , তুমি রাতভর জেগে থাকা 

ভেঙ্গে ফেলা  অন্ধ কারাগার !

 

স্বাধীনতা , তুমি  আকাশেতে ঝান্ডা ওড়া ,

বেজে যাওয়া মাইকের গান , লাড্ডু খাওয়া ...

স্বাধীনতা , তুমি ছুটির দিনে নিদারুন ঘুমে শুয়ে থাকা ;

স্বাধীনতা , তুমি  অকস্মাৎ জেগে ওঠা ...

বুকের কপাটে অবিরাম ধাক্কা খাওয়া কারো কন্ঠস্বর

মৃত স্বপনের ঘোলা দুটো চোখ -

যেন সাইক্লোন , ঘূর্ণি ঝড়।

স্বাধীনতা, বিপন্ন পৃথিবীতে তুমি আজও মুক্তিকামী তীব্র অধীনতা !