Aug 6, 2021

দিলীপ দাশ

স্বাধীনতার অন্য ভারত

এক ভারতের আকাশ জুড়ে সোনালি রোদ্দুর

অন্য ভারত অন্ধকারে স্বপ্ন বহু দূর।

এক ভারতে চেয়ে দেখি প্রাচুর্য সম্ভার

দরিদ্রতায় অন্য ভারত  বিচিত্র সংসার।


এক ভারতে গগনচুম্বি অট্টালিকার সারি

লনের মাঝে সাজিয়ে রাখা রকমারী গাড়ি।

অন্য ভারত ঠিকানা যার আস্তানা ফুটপাত

আকাশ গায়ে দিয়ে যারা কাটায় শীতের রাত।


এক ভারতে চিত্ত সুখে মন মাতানো হাসি

অন্য ভারত দেখে চাষির গলে দড়ির ফাঁসি।

এক ভারতে লাঞ্চ ডিনারে মটনকারি ভাত

বাতানুকুল  ঘরে  যাদের  সুখের  নিদ্রাপাত।


অন্য ভারত দিনের শেষে পান্থা ভাতেই খুশি

অভিশপ্ত জীবন যাপন  কপাল টা যে দোষী।

দেখতে  চাক চিক্য  ভারত  তর্ক  বহু দূর

অন্য ভারত দেখেনি  তো সোনালি রোদ্দুর।