মৃত্যুই শেষ নয়
মৃত্যুই শেষ নয়
তবুও বারবার মৃত্যুতেই দেখেছিলো শেষ ওরা
সেই বিষণ্ন ভরে-৩২ নম্বরের সিঁড়ি দিয়ে
গড়াতে গড়াতে রক্ত নয় একমুঠো দীর্ঘশ্বাস
কি নিঃশব্দে ছড়িয়ে পড়লো বাংলার বাতাসে।
কোনো কোনো পতন হয় শব্দহীন
হেমন্তের বাতাসে ঝরা পাতার মতোন
কেবল নিঃসঙ্গ বৃক্ষটাই জানে
পত্রপুষ্পহীন বেদনার নিগূঢ় কাহন।
মৃত্যুই শেষ নয়
ফিনিক্স পাখির মতো মৃত্যুঞ্জয়ী
জন্ম নেয় শত শত বার।
বুক যার হিমালয়,
নিঃশ্বাসের স্বপ্ন আঁকে বিস্তীর্ণ বাংলার
মৃত্যুর কি সাধ্য আছে এঁকে দেবে শেষ চিহ্ন তার?

